স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী - The News Lion

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী

 


দি নিউজ লায়নঃ স্ত্রীর শ্বাসনালী কেটে খুন করার পর, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো স্বামী । মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের দামোদরপুর এলাকায় ।  ওই দম্পতির অস্বাভাবিক মৃত্যুর ঘটনার খবর পেয়ে  এলাকায় তদন্তে যায় ইংরেজবাজার থানার পুলিশ। রক্তাক্ত গৃহবধূর মৃতদেহ উদ্ধারের পাশাপাশি, গৃহকর্তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।


 প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, লকডাউনে কাজ হারিয়েছিলেন পরিবারের ওই গৃহকর্তা। এনিয়ে সংসার বিবাদ চলছিল তার স্ত্রীর সঙ্গে । এদিন বিকালে মদ্যপ অবস্থায় এসে স্ত্রীকে কুপিয়ে খুন করে স্বামী। তারপরেই নিজে গলায় ফাঁস দিয়ে শোবার ঘরে আত্মঘাতী হয় সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দম্পতির নাম শিবা মন্ডল (৪০) এবং কবিতা মন্ডল মুসৌরি (৩২)। কয়েক বছর আগে শিবা মণ্ডলের সঙ্গে কবিতার বিয়ে হয়। পেশায় সাটারিং মিস্ত্রি কাজ করতেন শিবা মন্ডল । কিন্তু গত কয়েক মাস ধরে লকডাউন চলাকালীন কর্মহীন হয়ে পড়ে ওই গৃহকর্তা।  এনিয়ে স্ত্রীর সাথে প্রায় দিনই অশান্তি লেগে থাকত।


স্থানীয় গ্রামবাসীদের একাংশ পুলিশকে জানিয়েছেন, গরিব পরিবারের ওই দম্পতির মধ্যে কয়েকদিন ধরেই পারিবারিক বিভিন্ন কারণে অশান্তি চলছিল । আর তারপরে এদিন এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানিয়েছেন , মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। কি কারনে গৃহবধূকে খুন করলেন শিবা মন্ডল এবং পরে তিনি আত্মঘাতী হলেন, তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর ওই দম্পতির মৃত্যুর প্রকৃত বিষয়টি জানা যাবে। পাশাপাশি পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.